নিউজনেক্সট সম্পাদক ও ওকাব সভাপতিকে বিদেশ যাত্রায় বাধা

নিজস্ব প্রতিবেদক :

3 Min Read
নজরুল ইসলাম মিঠু।

বিশ্বজুড়ে যখন ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হচ্ছে, ঠিক তখনই ঢাকায় বিমানবন্দরে বিদেশযাত্রায় বাধার শিকার হয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিক নজরুল ইসলাম মিঠু।

রোববার (৩মে) চীন সফরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাকে ফিরিয়ে দেয় ইমিগ্রেশন পুলিশ ও গোয়েন্দা সংস্থা।

নজরুল ইসলাম মিঠু নিউজ পোর্টাল নিউজনেক্সট সম্পাদক এবং জার্মানির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ডিপিএ’র ঢাকা প্রতিনিধি। এছাড়াও তিনি বিদেশি সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সংগঠন ‘ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ’ (ওকাব)-এর বর্তমান সভাপতি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি।

নজরুল ইসলাম জানান, রোববার দুপুরে বিমানবন্দরে বোর্ডিং পাস সংগ্রহ করে ইমিগ্রেশন কাউন্টারে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক পুলিশ কর্মকর্তা তার নাম ধরে ডাকতে শুরু করেন। এরপর তাকে ইমিগ্রেশনের দায়িত্বরত বিশেষ পুলিশ সুপার (এসপি)-এর কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তার পেশা এবং পরিচয় সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়।

সে সময় গোয়েন্দা সংস্থার চারজন মাঠ পর্যায়ের কর্মকর্তা তাকে ঘিরে ধরেন এবং তিনি ‘ওকাব’-এর সভাপতি কি না বা তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। উপস্থিত পুলিশ কর্মকর্তারা তার বিরুদ্ধে কোনো আইনি অভিযোগ না থাকার কথা স্বীকার করলেও ‘এজেন্সি’র ক্লিয়ারেন্স নেই বলে তাকে দীর্ঘ সময় বসিয়ে রাখেন।

প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর ফ্লাইটের সময় ঘনিয়ে এলে সংশ্লিষ্টেএসপি তাকে জানান, আজ তাকে বিদেশ যেতে দেওয়া সম্ভব হচ্ছে না। বাধা দেওয়ার কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা কোনো সদুত্তর দিতে পারেননি। তিনি জানান, ঊর্ধ্বতন সংস্থা থেকে আসা নির্দেশনা তারা শুধু পালন করছেন। পরে এয়ারলাইন্স কর্তৃপক্ষকে দিয়ে তার মালামাল (অফলোড) নামিয়ে নেওয়া হয় এবং তাকে বিমানবন্দর ত্যাগ করতে বাধ্য করা হয়।

একই সময়ে ইমিগ্রেশন পুলিশকে অন্যান্য সাধারণ যাত্রীদেরও অপ্রাসঙ্গিক বিষয়ে জেরা করে হয়রানি করতে দেখা যায় বলে জানান নজরুল ইসলাম।

এ ঘটনাকে আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার অনুচ্ছেদ ১৩-এর পরিপন্থী হিসেবে মন্তব্য করেছেন নজরুল ইসলাম। এক ফেসবুক পোস্টে নজরুল ইসলাম লিখেছেন, কোনো কারণ না দেখিয়ে আমাকে বিমানবন্দরে আটকে দেওয়া; এটি আমার চলাচলের মৌলিক অধিকারের সরাসরি লঙ্ঘন, পাশাপাশি এটি আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণার ১৩ নম্বর অনুচ্ছেদেরও লঙ্ঘন।

অনুচ্ছেদটি বলছে—

- Advertisement -

১. প্রত্যেক ব্যক্তির নিজ রাষ্ট্রের সীমানার মধ্যে অবাধে চলাচল ও বসবাসের অধিকার রয়েছে।
২. প্রত্যেক ব্যক্তির যে কোনো দেশ ত্যাগ করার এবং নিজ দেশে ফিরে আসার অধিকার রয়েছে।

প্রসঙ্গত, ৩ মে সারা বিশ্বে ‘মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এর মাত্র একদিন আগেই ‘ওকাব’-এর পক্ষ থেকে গণমাধ্যমের ওপর সব ধরনের দমন-পীড়ন বন্ধের আহ্বান জানানো হয়েছিল।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *