রংপুর কর অঞ্চলের উপ–কর কমিশনার সাজিদ খানকে নিয়মবহির্ভূতভাবে প্রায় ১৮০ কোটি টাকার কর ছাড় দেওয়ার অভিযোগে বিভাগীয় শাস্তি হিসেবে এক ধাপ পদাবনতি করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ মঙ্গলবার (১৮ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
তদন্তে জানা যায়, খুলনা কর অঞ্চলের সার্কেল–১ কোম্পানিজ এ দায়িত্ব পালন করার সময় সাজিদ খান বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২০১৮–১৯ এবং ২০১৯–২০ করবর্ষে ১৫১ কোটি টাকার কর ক্রেডিট এবং ২৯ কোটি টাকার কর ফেরত প্রদান করেন। অথচ ঐ দুই করবর্ষে উৎসে কর্তিত কর ছিল যথাক্রমে ৬৫ কোটি ৪১ লাখ ও ৮৫ কোটি ৬৬ লাখ টাকা। তিনি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই পুরো অর্থ করদাতার অনুকূলে ক্রেডিট হিসেবে দেখান। এছাড়া কোনো যাচাই–বাছাই ছাড়াই আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ১৭৩ ধারা অনুযায়ী আইটি–৩০ সংশোধন করে ২০১৮–১৯ করবর্ষে ৩ কোটি ৩৮ লাখ ১৯ হাজার এবং ২০১৯–২০ করবর্ষে ২৫ কোটি ৩৭ লাখ ২০ হাজার টাকার ফেরতযোগ্য কর নির্ধারণ করেন।
এই অনিয়মের ঘটনায় তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮–এর বিধি ৩(খ) অনুযায়ী বিভাগীয় মামলা করা হয়। লিখিত কৈফিয়ত দাখিলের পর ১৩ নভেম্বর ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয় এবং অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। পরে শৃঙ্খলা বিধিমালার ৪(২)(ঘ) ধারায় তাঁর বেতন গ্রেড এক ধাপ কমিয়ে ৪৫ হাজার ৩৩০ টাকা নির্ধারণ করা হয়।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর্মকর্তারা মনে করেন, কর ছাড় ও ফেরতের ক্ষেত্রে এমন অননুমোদিত সিদ্ধান্ত আর্থিক স্বচ্ছতা ও শৃঙ্খলার জন্য ঝুঁকিপূর্ণ। তাই দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার মাধ্যমে জবাবদিহি প্রতিষ্ঠার একটি ইতিবাচক উদাহরণ সৃষ্টি হয়েছে।
