রাজধানীর নিউমার্কেট থানাধীন শাহনেওয়াজ হল–বটতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৩০ থেকে ৩৫ বছর বয়সী ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আহত ব্যক্তিকে নিয়ে আসা পথচারী মেজবাহ বলেন, “শহীদ শাহনেওয়াজ হলের ১ নম্বর গেটের সামনে দুইজন মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। মাথা, বাম হাত ও বগলের নিচে গুলি লাগে।”
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তার মাথা ও বগলের নিচে গুলির চিহ্ন পাওয়া গেছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
