জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

বিশেষ প্রতিনিধি :

2 Min Read

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তির নাম মোহাম্মদ ছরওয়ারে আলম। তিনি রাষ্ট্রপতি কার্যালয় বঙ্গভবনে সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত।

ডিবি সূত্র জানায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। হ্যাকিংয়ের মাধ্যমে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টের ডিভাইস নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কিত পোস্ট প্রকাশের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে একই ঘটনার সূত্র ধরে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে পৃথক অভিযান পরিচালনা করেছে ডিবি। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, হ্যাকিংয়ের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও প্রযুক্তিগত সূত্র শনাক্তের লক্ষ্যেই এ অভিযান চালানো হয়।

এর আগে জামায়াতে ইসলামী দাবি করে, গত ৩১ জানুয়ারি বিকেল ৪টার পর ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়। বিকেল ৪টা ৩৭ মিনিটে ওই অ্যাকাউন্ট থেকে একটি অননুমোদিত ও আপত্তিকর পোস্ট প্রকাশ করা হয়। পরে দলটির কেন্দ্রীয় আইটি টিম দ্রুত পদক্ষেপ নিয়ে বিকেল ৫টা ৯ মিনিটে পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে।

একই দিন বিকেল ৫টা ২২ মিনিটে জামায়াতের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং পরদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয়।

জামায়াতের অভিযোগ অনুযায়ী, তদন্তে দেখা গেছে তাদের কেন্দ্রীয় দপ্তরের অফিসিয়াল ই-মেইলসহ একাধিক ঠিকানায় একটি ফিশিং মেইল পাঠানো হয়েছিল। সেই মেইলের মাধ্যমেই এক্স অ্যাকাউন্টে ব্যবহৃত ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়, সংশ্লিষ্ট ফিশিং ই-মেইলটি বঙ্গভবনের সঙ্গে যুক্ত একটি সরকারি ই-মেইল ঠিকানা থেকে পাঠানো হয়েছিল।

এ ঘটনায় দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মঙ্গলবার জামায়াতের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে লিখিত অভিযোগ জমা দেয়। প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাকে অবহিত করার কথা জানান এবং দ্রুত তদন্ত সম্পন্নের আশ্বাস দেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *