ইমরান খানের সঙ্গে তিন সপ্তাহ পর পরিবারের সাক্ষাৎ, আদিয়ালা জেলে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক :

2 Min Read

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের সঙ্গে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পরিবারের কেউ দেখা করতে না পারায় দেশজুড়ে উদ্বেগ ও গুঞ্জন তীব্র আকার ধারণ করেছিল। তার মৃত্যু নিয়েও নানা গুজব ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতির মধ্যে অবশেষে মঙ্গলবার (২ ডিসেম্বর) রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে গিয়ে তার সঙ্গে দেখা করেন বোন উজমা খানুম।

পাকিস্তানের দৈনিক ডন জানায়, উজমা খানুম জেলের ভেতরে প্রবেশ করার সময় বাইরে কয়েকশ পিটিআই কর্মী জড়ো হয়ে ইমরানের স্বাস্থ্য ও অবস্থান সম্পর্কে স্বচ্ছ তথ্য প্রকাশের দাবি জানান। দীর্ঘ অপেক্ষার পর এই প্রথম পরিবারের একজন সদস্য তাকে দেখার অনুমতি পেলেন।

জেল থেকে বের হয়ে উজমা খানুম সাংবাদিকদের বলেন, সে (ইমরান খান) খুব রেগে আছে এবং তার ওপর মানসিক নির্যাতন চলছে। তবে ইমরান খান শারীরিকভাবে সুস্থ আছেন বলেও তিনি জানান। তার ভাষায়, ইমরানকে সারাদিন একটি কক্ষে রাখা হচ্ছিল এবং তাকে খুব সীমিত সময়ের জন্য বাইরে যেতে দেওয়া হচ্ছিল; কারও সঙ্গে যোগাযোগ করতেও দেওয়া হতো না।

এদিন আদিয়ালা জেল ও ইসলামাবাদ হাই কোর্টের সামনে সাক্ষাতে বাধা প্রতিবাদে বিক্ষোভ করেন পিটিআই কর্মীরা। খাইবার পাখতুনখোয়া মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বলেন, ২৭ অক্টোবর থেকে ইমরান খান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে কেউ দেখা করতে পারেননি। এতে জনঅসন্তোষ আরও বৃদ্ধি পেয়েছে।

ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

বিক্ষোভকে কেন্দ্র করে দেশটির সরকার ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করেছে। মন্ত্রী তালাল চৌধুরী জানান, বিধিনিষেধ কঠোরভাবে প্রয়োগ করা হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের আশঙ্কা, রাজনৈতিক সমাবেশ বা আদালত এলাকাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তেজিত হতে পারে। একই সঙ্গে সাইবার নিরাপত্তা এবং ভিপিএন ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ জোরদার করার উদ্যোগও নেওয়া হয়েছে।

এদিকে ইমরান খানকে আদিয়ালা জেল থেকে ইসলামাবাদে স্থানান্তর করা হতে পারে এমন গুঞ্জন ছড়ালেও সরকার এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্ত দেয়নি।

৭২ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি আছেন। এর আগে ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর একাধিক মামলায় দোষী সাব্যস্ত হন। ইমরান খানের দাবি, তার বিরুদ্ধে সব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং নির্বাচনী রাজনীতি থেকে দূরে রাখতেই এই মামলাগুলো করা হয়েছে।

ইমরান খানকে ঘিরে গুঞ্জন বাড়ছে, বিক্ষোভ ঠেকাতে নিষেধাজ্ঞা

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *