প্রায় দেড় বছর পর দেশের একাধিক জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিত্যক্ত কার্যালয়ে উপস্থিতি জানান দিয়েছেন। নোয়াখালী, বরগুনা, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, হবিগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম এবং দিনাজপুরের পার্বতীপুরে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানোর ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার চারটি জেলা এবং রোববার ছয়টি জেলায় একই ধরনের কর্মসূচি পালিত হয়। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় এসব কার্যালয় ভাঙচুর ও বন্ধ করে দেওয়া হয়েছিল।
স্লোগান, ভিডিও ও আটক
বেশ কয়েকটি স্থানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সংক্ষিপ্ত সমাবেশও করা হয়। তবে কর্মসূচির পরপরই বিভিন্ন জেলায় পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করেছে।
নোয়াখালীর মাইজদী টাউন হল মোড়ে জেলা কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টানান ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পরে পুলিশ পাঁচজনকে আটক করে। সুধারাম থানার ওসি মো. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বরগুনায় জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও ছবি টানানোর ঘটনা ঘটে। বরগুনা সদর থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম জানান, জড়িতদের শনাক্তে কাজ চলছে।
কুড়িগ্রামে শাপলা চত্বরসংলগ্ন জেলা কার্যালয়ে পতাকা উত্তোলনের পর পুলিশ টহল জোরদার করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাসুদ রানা।
নারায়ণগঞ্জ নগরীর দুই নম্বর রেলগেটে জেলা ও মহানগর কার্যালয়ের সামনে কয়েকজন কর্মী স্লোগান দেন। স্থানীয় সাংবাদিকদের ধারণ করা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে যায়।
শরীয়তপুরে ভোরে জেলা কার্যালয় খুলে ছবি টানানোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
হবিগঞ্জে অগ্নিসংযোগ
হবিগঞ্জে জেলা কার্যালয় খোলার কয়েক ঘণ্টা পর আগুন লাগার ঘটনা ঘটে। শহরের টাউন হল এলাকায় ভবনের ভেতরে ধোঁয়া দেখা গেলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
রাজবাড়ী ও পার্বতীপুরে অভিযান
রাজবাড়ীতে জেলা কার্যালয়ে ব্যানার ও ছবি টানানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা কার্যালয়ে সমবেত হয়ে পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা। পরে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। পার্বতীপুর মডেল থানার ওসি এম এ ফারুক জানান, তাদের আগের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
চট্টগ্রামে ফলক স্থাপন
চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকার দারুল ফজল মার্কেটে মহানগর কার্যালয়ে নতুন পরিচিতি ফলক লাগানোর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কোতোয়ালি থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, পুলিশ গিয়ে কাউকে পায়নি।
এ বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নজরদারিতে রাখার কথা জানিয়েছে।
