মাইলস্টোনে অবরুদ্ধ উপদেষ্টা ও প্রেস সচিব নিরাপদে বের হয়েছেন

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর অবশেষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হয়ে যান অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা, প্রেস সচিব এবং একজন সহকারী প্রেস সচিব।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তারা প্রতিষ্ঠান ত্যাগ করেন। শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ ও বিক্ষোভের মুখে তারা কোনো মন্তব্য না করে গাড়িতে উঠে দ্রুত স্থান ত্যাগ করেন।

অবরুদ্ধ কর্মকর্তারা হলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রেস সচিব শফিকুল আলম এবং একজন সহকারী প্রেস সচিব।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ সদস্যরা কলেজ চত্বরে প্রবেশ করে উপদেষ্টাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেন। যদিও শিক্ষার্থীদের বাধার মুখে বিকেল সাড়ে ৪টার পর আবার তারা ভবনের ভেতরে ফিরে যেতে বাধ্য হন।

ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা এ সময় ‘ভুয়া ভুয়া’, ‘আমার ভাই মরল কেন’, ‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’—এমন স্লোগানে মুখর হয়ে ওঠেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা ৬ দফা দাবি উত্থাপন করেন, যেগুলো সরকার মেনে নিয়েছে বলে দাবি করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে তার এই ঘোষণার পরও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা প্রশমিত হয়নি। বরং এরপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা।

এ সময় পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিপুল সংখ্যক পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকলেও, শিক্ষার্থীদের ক্ষোভের তীব্রতা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *