ছয় মাসের জন্য অপরিবর্তিত থাকছে সঞ্চয়পত্রের মুনাফা

বিশেষ প্রতিনিধি :

4 Min Read

সব ধরনের সঞ্চয়পত্রের বর্তমান মুনাফার হার আগামী ছয় মাস অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়। বিদ্যমান নিয়ম অনুযায়ী, প্রতি ছয় মাস অন্তর সঞ্চয়পত্রের মুনাফার হার পর্যালোচনা করে পুনর্নির্ধারণ করা হয়।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে সরকার সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর ঘোষণা দিলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে। ফলে আগের হারই বহাল থাকে। এখন নতুন পর্যালোচনার সময়েও বর্তমান হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, মুনাফার হার কমানো হলে সরকারের সুদ ব্যয়ে বছরে প্রায় দুই হাজার কোটি টাকা সাশ্রয় হতে পারত। তবে মধ্যবিত্ত ও অবসরপ্রাপ্ত অনেক মানুষ সঞ্চয়পত্রের আয়েই সংসারের ব্যয় মেটান। সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সরকার বিদ্যমান হার বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।

২০২৫ সালের জানুয়ারি থেকে নতুন নীতিমালার আওতায় প্রতি ছয় মাস অন্তর সঞ্চয়পত্রের মুনাফার হার পুনর্নির্ধারণের ব্যবস্থা চালু হয়। এ ক্ষেত্রে ট্রেজারি বন্ডের সুদের হারের সঙ্গে সামঞ্জস্য রেখে মুনাফার হার নির্ধারণের কথা বলা হয়েছে। এর আগে দীর্ঘ সময় একই হার বহাল থাকত।

বর্তমান নিয়মে বিনিয়োগকারীদের দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। সাত লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগকারীরা প্রথম ধাপে এবং এর বেশি বিনিয়োগকারীরা দ্বিতীয় ধাপে রয়েছেন। প্রথম ধাপের বিনিয়োগকারীরা তুলনামূলক বেশি মুনাফা পান। বিভিন্ন সঞ্চয় কর্মসূচিতে সর্বোচ্চ মুনাফার হার বর্তমানে ১১ দশমিক ৭৭ শতাংশ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত রয়েছে।

আয়কর আইন অনুযায়ী, সঞ্চয়পত্রের মুনাফার ওপর ১০ শতাংশ হারে অগ্রিম কর কেটে রাখা হয়। তবে নতুন বাজেটে এ করকে আর চূড়ান্ত কর হিসেবে গণ্য করা হবে না। অর্থাৎ, বছর শেষে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় প্রকৃত করের সঙ্গে এ অর্থ সমন্বয় করা যাবে। অতিরিক্ত কর কেটে রাখা হলে তা ফেরত পাওয়ার সুযোগও থাকবে।

এদিকে, ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক রয়েছে। ফলে যেসব ক্ষুদ্র বিনিয়োগকারীর করযোগ্য আয় নেই, তাঁদেরও টিআইএন নিয়ে আয়কর রিটার্ন দাখিল করে অতিরিক্ত কাটা কর ফেরতের আবেদন করতে হবে।

কোন সঞ্চয়পত্রে কত মুনাফা

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে প্রথম ধাপের বিনিয়োগকারীরা প্রথম থেকে পঞ্চম বছরে যথাক্রমে ৯.৭৪, ১০.২১, ১০.৭২, ১১.২৬ ও ১১.৮৩ শতাংশ হারে মুনাফা পাবেন। দ্বিতীয় ধাপের ক্ষেত্রে এ হার ৯.৭২, ১০.১৯, ১০.৭০, ১১.২৩ ও ১১.৮০ শতাংশ।

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে প্রথম ধাপের বিনিয়োগকারীদের জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে মুনাফার হার যথাক্রমে ১০.৬৫, ১১.২২ ও ১১.৮২ শতাংশ। দ্বিতীয় ধাপে এ হার ১০.৬০, ১১.১৬ ও ১১.৭৭ শতাংশ।

- Advertisement -

পেনশনার সঞ্চয়পত্রে প্রথম ধাপের বিনিয়োগকারীরা প্রথম থেকে পঞ্চম বছরে যথাক্রমে ৯.৮৪, ১০.৩২, ১০.৮৪, ১১.৩৯ ও ১১.৯৮ শতাংশ মুনাফা পাবেন। দ্বিতীয় ধাপে প্রথম দুই বছরে হার যথাক্রমে ৯.৭২ ও ১০.১৯ শতাংশ এবং তৃতীয় থেকে পঞ্চম বছরে ১০.৮৪, ১১.৩৯ ও ১১.৯৮ শতাংশ।

পরিবার সঞ্চয়পত্রে প্রথম ধাপের বিনিয়োগকারীদের জন্য প্রথম থেকে পঞ্চম বছরে মুনাফার হার ৯.৮১, ১০.২৯, ১০.৮০, ১১.৩৫ ও ১১.৯৩ শতাংশ। দ্বিতীয় ধাপের ক্ষেত্রে এ হার যথাক্রমে ৯.৭২, ১০.১৯, ১০.৭০, ১১.২৩ ও ১১.৮০ শতাংশ।

অন্যদিকে, পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে প্রথম ধাপের বিনিয়োগকারীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে যথাক্রমে ১০.৬৫, ১১.২২ ও ১১.৮২ শতাংশ এবং দ্বিতীয় ধাপের বিনিয়োগকারীরা ১০.৬০, ১১.১৬ ও ১১.৭৭ শতাংশ হারে মুনাফা পাবেন।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *