জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে ক্যাম্পাসের ২৪ অদম্য এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি আবু আহসান মোহাম্মদ ইয়া হিয়া।
ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ সাদী হাসান, সাধারণ সম্পাদক (জিএস) পদে তানজিলা হোসাইন বৈশাখী এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নারী প্রার্থী আঞ্জুমান আরা ইকরা।
মোট ২৫ সদস্যের এই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। ঘোষণার পর তারা ২৪ অদম্য ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এদিকে আজই জাকসু নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ইতোমধ্যে প্রায় আটজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানা গেছে। বিকেল চারটায় মোট কতজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন, তা আনুষ্ঠানিকভাবে জানাবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল ইসলাম।
