ঢাকা থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ার। আগামী ৭ আগস্ট থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিয়াদ এয়ার জানায়, ঢাকা–রিয়াদ রুটে ফ্লাইটের টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীরা রিয়াদ এয়ারের অ্যাপ, ওয়েবসাইট অথবা অনুমোদিত ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কিনতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ সেবা চালুর মাধ্যমে ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ তৈরি হবে। ব্যবসা ও পর্যটন—দুই ক্ষেত্রেই বাড়তে থাকা যাত্রী চাহিদা পূরণে এ রুট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে বিমান সংস্থাটি।
রিয়াদ এয়ার জানিয়েছে, নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে প্রতিদিন ঢাকা–রিয়াদ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে ফ্লাইট ছেড়ে ঢাকায় পৌঁছাবে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে। আর ঢাকা থেকে সকাল ৭টা ৪০ মিনিটে ছেড়ে রিয়াদে পৌঁছাবে সকাল ১০টা ৫৫ মিনিটে।
বিমান সংস্থাটি আরও জানিয়েছে, যাত্রীরা রিয়াদ এয়ারের লয়্যালটি প্রোগ্রাম ‘স্ফিয়ার’-এর ফাউন্ডিং মেম্বার হওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে প্রথম ফ্লাইট থেকেই বিভিন্ন সুবিধা, অফার ও পুরস্কার পাওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধাও দেওয়া হবে।
রিয়াদ এয়ারের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা–রিয়াদ সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী হবে। একই সঙ্গে রিয়াদকে একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করে ঢাকার যাত্রীরা রিয়াদ এয়ারের নেটওয়ার্ক ও অংশীদার বিমান সংস্থার মাধ্যমে বিশ্বের বিভিন্ন গন্তব্যে সহজে ভ্রমণের সুযোগ পাবেন।
