তিন লাখ ২৬ হাজার প্রবাসী ব্যালট দেশে এসেছে

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী ভোটারদের পাঠানো বিপুলসংখ্যক পোস্টাল ব্যালট ইতোমধ্যে দেশে পৌঁছাতে শুরু করেছে। নির্বাচন কমিশন (ইসি) সূত্র জানায়, এ পর্যন্ত তিন লাখের বেশি প্রবাসী ভোটারের ব্যালট বাংলাদেশে এসেছে।

ইসি সূত্র অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৪ হাজার ৮৬৯টি ব্যালট প্রবাসী ভোটাররা গ্রহণ করেছেন। প্রবাসীদের মধ্যে ৪ লাখ ৭২ হাজার ৪১০ জন পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন এবং ৪ লাখ ৩১ হাজার ৭৪৮ জন ভোটার ভোট দেওয়া ব্যালট সংশ্লিষ্ট পোস্ট অফিসে জমা দিয়েছেন।

এ পর্যন্ত দেশে পৌঁছেছে ৩ লাখ ২৬ হাজার ২০টি পোস্টাল ব্যালট। এর মধ্যে ৪১ হাজার ১৭৮টি ব্যালট ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

অন্যদিকে, দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের জন্যও পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। ইসি জানায়, দেশের ভেতরে থাকা ভোটারদের কাছে ৬ লাখ ৬২ হাজার ১৯১টি ব্যালট পাঠানো হয়। এর মধ্যে ১ লাখ ৩১ হাজার ৬৯১ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন। ভোট দিয়েছেন ৯৬ হাজার ৬৩২ জন এবং ১ লাখ ৪ হাজার ১৬৫ জন ভোটার পোস্ট অফিসে ব্যালট জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এর মধ্যে ১২ হাজার ৯১৫টি ব্যালট গ্রহণ করেছেন।

নির্বাচন কমিশন আরও জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *