জুলাই জাতীয় সনদ–সংক্রান্ত গণভোটে অন্তর্বর্তী সরকারের ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা নিয়ে যে আলোচনা ও সমালোচনা চলছে, তা অজ্ঞতাপ্রসূত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম। তার মতে, বিশ্বের যেসব দেশে গণভোট হয়েছে, সেখানে সরকার স্পষ্টভাবে ‘হ্যাঁ’ অথবা ‘না’ যেকোনো একটির পক্ষে অবস্থান নিয়েছে।
শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুরে হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.)–এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
প্রেস সচিব বলেন, বর্তমান সরকার যেহেতু রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে, তাই গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলা তাদের জন্য স্বাভাবিক। তার ভাষায়, “গণভোট আসলে সংস্কারের একটি সমন্বিত প্যাকেজ। এর উদ্দেশ্য হলো ভবিষ্যতে দেশে অপশাসন বা স্বৈরাচার যেন আর ফিরে না আসে।”
তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণকে এমন একটি রাষ্ট্রব্যবস্থা বেছে নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, যাতে আর কোনো একনায়কতান্ত্রিক শাসন মাথাচাড়া দিতে না পারে।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম জানান, এবারের ভোটে জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। অতীতে দিনের ভোট রাতে হওয়ার অভিযোগ থাকলেও, বর্তমান সরকার নিরপেক্ষতা ও স্বচ্ছতার প্রমাণ দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই উল্লেখ করে প্রেস সচিব বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের প্রস্তুতির পাশাপাশি নিরাপত্তা বাহিনীর ব্যবস্থাপনা এবং পোস্টাল ব্যালট সংক্রান্ত কাজও শেষ হয়েছে।
তিনি বলেন, “এখন বলা যায়, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের জন্য শুধু অপেক্ষা বাকি।”
অনুষ্ঠান শেষে প্রেস সচিব মাজার প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং মাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
