দীর্ঘ প্রায় দেড় যুগ পর নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৪ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান।
বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি রাজধানীর কুড়িল এলাকার কাছে পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
সংবর্ধনা শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও তার মা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর গুলশান–২ এলাকার ১৯৬ নম্বর বাসভবনে যাওয়ার কর্মসূচি রয়েছে।
প্রসঙ্গত, এক এগারোর সরকারের সময় গ্রেপ্তার ও নির্যাতনের পর উন্নত চিকিৎসার জন্য তারেক রহমান যুক্তরাজ্যে যান। পরবর্তীতে বিভিন্ন মামলায় জড়িয়ে পড়ায় তিনি দীর্ঘ সময় দেশে ফিরতে পারেননি। অবশেষে তার এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে প্রায় দেড় যুগের নির্বাসিত জীবনের পরিসমাপ্তি ঘটল।
