বিগত সময়ে দায়ের করা এক হাজারের বেশি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় সূত্র জানায়, গত ১৭ বছরে বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মোট ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক ছিল।
এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়েও ধাপে ধাপে পরিবর্তন আনা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। সে অনুযায়ী আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে এবং এ বিষয়ে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করবেন। প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ উপস্থাপন এবং রাষ্ট্রপতির ভাষণ অনুষ্ঠিত হবে।
